Bangladesh Army International University of Science and Technology

Cumilla, Bangladesh

BAIUST

জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট) ডিবেইট ক্লাব আয়োজিত Inter-Department Debate Competition 2026-এর সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

আজ দুপুর ২:০০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। সবুজে ঘেরা বাইউস্ট ক্যাম্পাসে আয়োজিত এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক চর্চা, যুক্তিবোধ, নেতৃত্ব এবং আত্মপ্রকাশের এক অনন্য মঞ্চে পরিণত হয়।

বাইউস্ট ডিবেইট ক্লাবের জেনারেল সেক্রেটারি আনিকা আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহবুব। অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের কো-অ্যাডভাইজার জনাব ইয়াকুব আলী, জনাবা শারমিন আক্তার এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেইটিং সোসাইটির সভাপতি আবদুর রহমান আসসাদী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেঃ কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.)।এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি বলেন,”এই বিতর্ক প্রতিযোগিতার মূল উদ্দেশ্য শুধু বিজয়ী নির্বাচন নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, যুক্তিবোধ, আত্মবিশ্বাস এবং কার্যকর যোগাযোগ দক্ষতা বিকাশের মাধ্যমে তাদের দক্ষ, যোগ্য ও ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে তোলা। তিনি জানান, বিতর্কচর্চা শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তাশক্তি, সমস্যা সমাধানের দক্ষতা এবং নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিতর্কচর্চার মাধ্যমে নিজেদের ব্যক্তিত্ব বিকাশে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত এক শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলেন, “আজকের বিতর্ক ছিল অত্যন্ত উপভোগ্য ও শিক্ষণীয়। প্রতিযোগীদের যুক্তি, উপস্থাপনা এবং আত্মবিশ্বাস আমাদের অনেক কিছু শেখার সুযোগ করে দিয়েছে। এমন আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।”

শেষে বিজয়ী দল ইংরেজি বিভাগ ও রানার্সআপ দল আইন বিভাগের শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিবৃন্দ। প্রাণবন্ত আয়োজন, শিক্ষার্থীদের উৎসাহ এবং অতিথিদের মূল্যবান দিকনির্দেশনার মধ্য দিয়ে বাইউস্ট ডিবেইট ক্লাবের Inter-Department Debate Competition 2026-এর সফল সমাপ্তি ঘটে।